- ১৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই পিকআপের এক যাত্রী জাহাঙ্গীর মোল্লা (৪০) নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আলমগীর শেখ (৪০) নামে আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় বাসের অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের কর্মী এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, অনেক আহত যাত্রীর হাত-পা ভাঙা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় এবং ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।