Sunday, April 5, 2026

তেলের সরবরাহ স্বাভাবিক, মূল্য সমন্বয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী


ফাইল ছবিঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল্য সমন্বয় নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড-এ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে তেলের কোনো ঘাটতি নেই। তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। ফলে সরকারের ওপর আর্থিক চাপ কমাতে এবং পরিস্থিতি সামাল দিতে মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তিনি বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে কৃষি ও শিল্প খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এ কারণে সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে সাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ রেশনিং চালু করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবুও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে সরবরাহ সচল রাখার চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেন, এ সংকট শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়িয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

অর্থমন্ত্রী সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ড. এম এম নুরুল আবসার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিহাক সুং।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন