Saturday, February 14, 2026

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণের পরিকল্পনা ঘোষণা


ফাইল ছবিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সাম্প্রতিক সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে দলটি। এই খবরটি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শপথগ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। ভারতের প্রধানমন্ত্রী মোদিকেও আমন্ত্রণ জানানো হবে বলে আশা করা হচ্ছে। যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং তা গ্রহণযোগ্য হয়, তবে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

তবে বিএনপি এখনও শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ বা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সূত্রে বলা হয়েছে, দলটি আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কার্যক্রম শুরু করতে চাচ্ছে।

এর আগে নির্বাচনে জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। অভিনন্দনের পাশাপাশি তিনি ফোনে তারেক রহমানের সঙ্গে সরাসরি কথাও বলেছেন। মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে।

পোস্টে মোদি আরও বলেন, “প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ এবং দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।”

বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতি শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্তিশালী সংকেত হিসেবে কাজ করতে পারে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন