Monday, June 1, 2026

টাকা ব্যক্তিগতভাবে নিইনি, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়েছে: জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের জবাবে হাসনাত


ফাইল ছবিঃ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা 

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের করা অর্থ বরাদ্দসংক্রান্ত মন্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যে অর্থের কথা বলা হয়েছে, তা কোনো ব্যক্তির কাছে দেওয়া হয়নি; বরং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকারি বরাদ্দ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় করা হয়েছে।

শনিবার জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এক অনুষ্ঠানে অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কুমিল্লা জেলা পরিষদ থেকে এনসিপির কয়েকজন নেতার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। তাঁর এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসকের বক্তব্যে যে অর্থের প্রসঙ্গ এসেছে, তা মূলত উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত সরকারি তহবিল। এ ধরনের অর্থ কোনো ব্যক্তিকে সরাসরি দেওয়া হয় না; বরং সংশ্লিষ্ট উপজেলা ও প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয়।

তিনি জানান, দেবীদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কোন খাতে কত অর্থ বরাদ্দ হয়েছে এবং তা কোথায় ব্যয় করা হয়েছে—সেসব তথ্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নথিপত্রে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই হিসাব জনসম্মুখে প্রকাশ করতে পারে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ আনার চেষ্টা করেছেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়াকে তিনি দায়িত্বের অংশ হিসেবে দেখেন।

তিনি দাবি করেন, আলোচিত অর্থ স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন বরাদ্দের অংশ ছিল, যা এডিপি প্রকল্পের আওতায় প্রদান করা হয়েছে। এই বরাদ্দ জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিলের অর্থ নয় বলে তিনি উল্লেখ করেন।

জেলা পরিষদের প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়েছে। অথচ বাস্তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি নিয়ম অনুসরণ করে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা সংশ্লিষ্ট খাতে ব্যয় হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত থাকলেও বরাদ্দকৃত অর্থের ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকে নজর রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন