- ১৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ক্ষমতাসীন বিএনপি সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বাস্তবায়নে পিছিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মঞ্জু বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভোটের পর আর বাস্তবায়ন করা হচ্ছে না। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে আবারও তাদের প্রত্যাশা ভঙ্গ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, ভোটের পর অল্প সময়ের মধ্যেই অতীতের দমন-পীড়নের অভিজ্ঞতা যেন ভুলে গেছে শাসকগোষ্ঠী।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষকে বারবার আশ্বাস দিয়ে প্রতারিত করা হচ্ছে। তবে ইতিহাসে দেখা গেছে, যখন জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করে, তখনই গণআন্দোলনের সৃষ্টি হয়। এ সময় তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের উদাহরণ তুলে ধরেন।
নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের নামে জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে। গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষ নানামুখী চাপে রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে আশার সঞ্চার হয়েছিল, তা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি।
সভায় দলের অন্যান্য নেতারা নতুন বছরের শুরুতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন।
এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।