Monday, May 11, 2026

সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা রুমিন ফারহানার


ছবিঃ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আশুগঞ্জকে দ্রুত এবং সরাইলকে আগামী এক থেকে দুই বছরের মধ্যে পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তন–এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, জনগণের দেওয়া ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষা করাই তার মূল লক্ষ্য। আগামী পাঁচ বছরে এলাকার উন্নয়ন ও জনসেবার মাধ্যমে সেই বিশ্বাসের প্রতিদান দিতে চান বলেও উল্লেখ করেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে কাজ করতে গিয়ে নানা ধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তারপরও তিনি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে চান। তিনি রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে বলেন, ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের চাপ প্রায়ই প্রশাসনের ওপর পড়ে এবং বিষয়টি তিনি উপলব্ধি করেন।

স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, সরাইলের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো পক্ষ যদি উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে, তাহলে পুরো এলাকার অগ্রগতি ব্যাহত হবে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় সরাইলকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন