- ২২ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া আজ বুধবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, দুই দিনব্যাপী এ কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, যাচাই কার্যক্রমের প্রথম দিন আজ বেলা ২টা থেকে শুরু হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় বাছাই প্রক্রিয়া শুরু হবে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মনোনয়নপত্র যাচাইয়ের সময় সংশ্লিষ্ট প্রার্থী ছাড়াও তাঁদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি মনোনয়নপত্র যাচাই করে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে। এরপর পরবর্তী ধাপে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।