Sunday, April 19, 2026

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই: দ্বিতীয় দিনেও সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি


ছবিঃ দ্বিতীয় দিনে আজ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ডাকা হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি। শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি তারেক রহমানের নেতৃত্বে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে প্রার্থীদের মূল্যায়ন করছেন।

দলীয় সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন—এমন নারীদেরও বিবেচনায় রাখা হচ্ছে।

দ্বিতীয় দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এর আগে প্রথম দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের ডাকা হয়েছিল।

সাক্ষাৎকার শেষে টাঙ্গাইল জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস বলেন, যোগ্যতা, ত্যাগ ও দীর্ঘদিনের অবদানের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হলে দল উপকৃত হবে। অপরদিকে, আরেক মনোনয়নপ্রত্যাশী লাবনী সিদ্দিকী বলেন, সংসদে কার্যকরভাবে বক্তব্য দেওয়ার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জানা গেছে, বিভাগভিত্তিক প্রার্থীদের একসঙ্গে ডেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। এতে করে অল্প সময়ে বেশি সংখ্যক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া সম্ভব হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেতে যাচ্ছে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং একটি আসন থাকবে স্বতন্ত্রদের জন্য।

গুলশান কার্যালয়ের সামনে দিনভর মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরগরম পরিবেশ দেখা গেছে। দলীয় মনোনয়ন কারা পাচ্ছেন—তা নিয়ে দিন শেষে নানা আলোচনা ও জল্পনা চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন