- ১৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিজয়নগরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। বরং ক্ষমতায় এসে সরকার ভিন্ন পথে হাঁটছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিস্থিতি অস্বীকার করলেও বাস্তবে মানুষ পেট্রলপাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে। শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের বিষয়টিও সংকটের ইঙ্গিত দেয় বলে উল্লেখ করেন তিনি।
এ টি এম আজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই দেশে আবারও চাঁদাবাজি ও অস্থিরতা বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকারের প্রতি জনসমর্থন কমে যেতে পারে।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার জনবিরোধী অবস্থানে চলে যাচ্ছে।
এছাড়া অন্যান্য শরিক দলের নেতারাও বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে বিজয়নগর থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল ও শান্তিনগর এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন এবং দাবি আদায়ে ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।