Sunday, February 22, 2026

সমতার ভিত্তিতে কূটনীতি, অপরাধে দলীয় পরিচয় নয়: ফরিদপুরে শামা ওবায়েদ


ছবিঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে—এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে, তবে তা অবশ্যই বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর নিজ এলাকায় প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে স্থিতিশীল অবস্থান নিশ্চিত করা।

বিভিন্ন দেশের সঙ্গে ভিসা জটিলতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্থগিত বা জটিল হয়ে থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে সরকার কাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সকালে ঢাকা থেকে নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি তাঁর বাবা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শামা ওবায়েদ। সেখানে তিনি প্রশাসনকে উদ্দেশ করে বলেন, অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে হবে। তাঁর ভাষায়, “কেউ দোষী হলে তিনি যে দলেরই হোন, আইনের আওতায় আনতে হবে। সরকার এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা দেবে।”

তিনি আরও বলেন, সমন্বিতভাবে কাজ করলে জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে। প্রশাসনের কর্মকর্তাদের তিনি সহকর্মী হিসেবে দেখার আহ্বান জানান এবং যেকোনো সমস্যা সরাসরি জানানোর অনুরোধ করেন।

রোজা সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সক্রিয় রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রমজানে যাতে মানুষ স্বস্তিতে ইবাদত ও ঈদ উদ্‌যাপন করতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাদকের বিস্তার রোধে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উভয় ধরনের পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, মাদকসেবীরা অনেক ক্ষেত্রে ভুক্তভোগী হলেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে দীর্ঘমেয়াদি উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

মতবিনিময় সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন