Wednesday, June 10, 2026

সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের অনুমতি


ফাইল ছবিঃ সালমান শাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে এই আবেদন করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করে পরবর্তী ধাপে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নতুন করে ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ রাজধানীর ইস্কাটন এলাকার নিজ বাসায় অসুস্থ অবস্থায় পাওয়া গেলে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে দীর্ঘ সময় পর পরিবারের পক্ষ থেকে মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে নতুন করে আইনি পদক্ষেপ নেওয়া হয়। গত বছর ঢাকার একটি আদালতের নির্দেশে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয় এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় নতুন মামলা দায়ের করা হয়।

নতুন মামলায় সালমান শাহর স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক, খলনায়কসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ব্যক্তিকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সালমান শাহকে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই মৃত্যুকে স্বাভাবিক নয় বলে সন্দেহ করা হচ্ছে।

আদালতের এই নতুন নির্দেশের ফলে দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই মৃত্যুর রহস্য নতুন করে আলোচনায় এসেছে। তদন্ত সংস্থা আশা করছে, পুনঃময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন