Wednesday, June 10, 2026

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন বিমান হামলা, নিহত ১৩ জন বেসামরিক নাগরিকের বেশিরভাগ শিশু


ছবিঃ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের নতুন বিমান হামলায় অন্তত ২৬ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই শিশু।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দেশটির সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় “নির্ভুল অভিযান” চালিয়েছে। তার দাবি, এ অভিযানে পাকিস্তান তালেবান (টিটিপি) এর আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে মোট চারটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, যার মধ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র, গোলাবারুদ মজুত ঘাঁটি এবং টিটিপি কমান্ডারদের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থান রয়েছে। তারার দাবি করেন, এটি সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত অভিযান।

অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, কুনার, খোস্ত ও পক্তিকা প্রদেশে পাকিস্তানের হামলায় ১১ শিশু, এক নারী ও এক বৃদ্ধসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৪ জন নারী ও শিশু আহত হয়েছে বলেও তিনি জানান। তিনি এ হামলাকে “মানবিক অপরাধ ও আগ্রাসন” বলে উল্লেখ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খোস্ত প্রদেশের স্পেরা জেলায় একটি বাড়িতে বিমান হামলা হলে একাধিক প্রাণহানি ঘটে। একইভাবে পক্তিকা প্রদেশের বারমাল জেলায় আরেকটি হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়।

সাম্প্রতিক এ হামলা দুই দেশের সীমান্তে কয়েক সপ্তাহের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা চৌকিতে হামলা ও পাল্টা সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানভিত্তিক টিটিপি গোষ্ঠীগুলো সীমান্ত ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তবে কাবুল সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানও তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে সীমান্ত সংঘাতে শত শত আফগান বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে এবং নতুন করে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি বাড়ছে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন