- ১৯ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | ঢাকা
রাজধানীর মিরপুরে শাহ আলীর মাজারে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একই সঙ্গে সংগঠনটি অভিযোগ করেছে, হামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর আমিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তুলে ধরেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ। সারা দেশে মাজার, দরগা ও খানকায় হামলার প্রতিবাদ এবং ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সৈকত আরিফ বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশে ধারাবাহিকভাবে সহিংসতা, দাঙ্গা ও ভিন্নমতের মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাঁর দাবি, সংখ্যালঘু সম্প্রদায়, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনাগুলো সরকার কার্যকরভাবে দমন করতে পারেনি।
তিনি বলেন, “মিরপুরের শাহ আলীর মাজারে হামলার ঘটনায় পুলিশ ও মাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ অনুযায়ী জামায়াত-শিবির জড়িত ছিল। এ ঘটনায় জামায়াত আমিরের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।”
বর্তমান সরকারও দাঙ্গা ও সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন ছাত্র ফেডারেশনের এই নেতা। তিনি অবিলম্বে শাহ আলীর মাজারে হামলাকারীদের গ্রেপ্তার এবং পূর্ববর্তী সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আল-আমিন রহমান, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান এবং সুরেশ্বরী দরবার শরিফের প্রতিনিধি হাবিবুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, মাজার ও ধর্মীয় স্থাপনাগুলোর ওপর হামলা শুধু একটি গোষ্ঠীর ওপর আঘাত নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির ওপরও আঘাত। তাঁরা হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাজারে হামলা, সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা এবং সাংস্কৃতিক সংগঠনের ওপর আক্রমণের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।