Saturday, October 24, 2026

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে দুই প্রবাসী ফুটবলার, বাদ ইমন-তপু


ছবিঃ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রোনান সুলিভান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন প্রবাসী দুই তরুণ ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান। বয়সভিত্তিক ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর এবার জাতীয় দলের হয়ে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন তাঁরা।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফরোয়ার্ড রোনান সুলিভান গত এপ্রিলে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়েন তিনি। যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এই তরুণ এবার সিনিয়র জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, ইংল্যান্ডপ্রবাসী স্ট্রাইকার মাহি খান খেলছেন দেশটির নবম স্তরের ক্লাব মলটন এফসিতে। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে নয়টি গোল করেছেন তিনি। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে জাতীয় দলের প্রাথমিক দলে সুযোগ পাওয়াকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন এই দুই প্রবাসী ফুটবলার।

এদিকে, সর্বশেষ আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেও এবার প্রাথমিক দলে জায়গা হয়নি ইমনের। তবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ফারহান আলী ওয়াহিদ।

ঘোষিত ২৮ সদস্যের দলে গোলরক্ষক, রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগ—সব বিভাগেই খেলোয়াড়দের রাখা হয়েছে। সাফের প্রস্তুতিতে এই প্রাথমিক দল থেকেই পরবর্তী ধাপে চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে।

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।

মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, সামিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন