- ০৩ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
স্বয়ংচালিত গাড়ি বা রোবোট্যাক্সি কোনো দুর্ঘটনায় পড়লে কিংবা জরুরি সেবাদানকারীদের কাজে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্থানীয় পর্যায়ে সরাসরি সহায়তা দিতে হবে। এ ধরনের বিধান রেখে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নতুন আইনের আওতায় টেসলা, ওয়েমো ও জুক্সের মতো স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তি কোম্পানিগুলোকে জরুরি পরিস্থিতিতে স্থানীয়ভাবে প্রশিক্ষিত কর্মী ও সহায়তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোনো রোবোট্যাক্সি পুলিশ, দমকল বাহিনী বা অন্য জরুরি সেবাদানকারীদের ৩০ মিনিটের বেশি সময় আটকে রাখলে সংশ্লিষ্ট কোম্পানিকে জরিমানার মুখেও পড়তে হতে পারে।
সিনেট বিল ১২৪৬ নামে পরিচিত আইনটিতে স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। স্বয়ংচালিত গাড়ি অচল হয়ে পড়া, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে সড়কে প্রতিবন্ধকতা তৈরির মতো ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া এবং কোম্পানিগুলোর জবাবদিহি নিশ্চিত করাই আইনের অন্যতম উদ্দেশ্য।
ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক সময়ে রোবোট্যাক্সি নিয়ে বেশ কয়েকটি আলোচিত ঘটনার পর আইনটি আনা হয়েছে। বিভিন্ন ঘটনায় স্বয়ংচালিত গাড়ি সড়কে অচল হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে, অপরাধস্থলে ঢুকে পড়েছে কিংবা জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের চলাচলে বাধা তৈরি করেছে।
এসব ঘটনার বড় একটি অংশের সঙ্গে যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রোবোট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েমো। দেশজুড়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক বহরে প্রায় ৪ হাজার স্বয়ংচালিত গাড়ি রয়েছে, যার মধ্যে প্রায় ১ হাজার ২০০টি সান ফ্রান্সিসকো বে এরিয়ায় চলাচল করে।
নতুন আইনে স্বয়ংচালিত গাড়ির দূরবর্তী নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে। কোনো কোম্পানি দূর থেকে সরাসরি গাড়ি চালানোর জন্য চালক নিয়োগ করলে সেই চালককে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে এবং তার বৈধ মার্কিন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
তবে ‘রিমোট অপারেশন’ বা দূরবর্তী সহায়তার বিষয়টি নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত পদ্ধতিতে পার্থক্য রয়েছে। সরাসরি দূর থেকে গাড়ি নিয়ন্ত্রণ করার মতো রিমোট ড্রাইভিং ব্যবস্থার কথা প্রকাশ্যে জানিয়েছে টেসলা। অন্যদিকে ওয়েমো জানিয়েছে, তাদের কর্মীরা প্রয়োজনে গাড়ির স্বয়ংক্রিয় ব্যবস্থাকে নির্দেশনা দিতে বা সফটওয়্যার কমান্ড পাঠাতে পারেন, তবে গাড়ির নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় ব্যবস্থার কাছেই থাকে।
নতুন আইনে সিস্টেমজুড়ে কোনো ত্রুটি দেখা দিলে স্থানীয় শহর, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রোবোট্যাক্সিগুলোর অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা বা সড়কে গাড়ি আটকে যাওয়ার মতো ঘটনায় সহায়তার জন্য স্থানীয় পর্যায়ে ‘ইনসিডেন্ট টেকনিশিয়ান’ রাখার কথা বলা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে রোবোট্যাক্সির কারণে প্রথম সারির জরুরি সেবাদানকারীরা ৩০ মিনিটের বেশি সময় বাধাগ্রস্ত হলে কোম্পানিকে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে। নতুন আইনের এসব বিধান নিয়ে ওয়েমো ও জুক্স কর্তৃপক্ষ আইনটি মেনে চলার কথা জানিয়েছে।
ওয়েমোর এক মুখপাত্র বলেছেন, আইনটির কিছু সংশোধনের জন্য তারা সন্তুষ্ট। তাদের মতে, সংশোধিত বিধানগুলো ক্যালিফোর্নিয়ায় স্বয়ংচালিত গাড়ি সেবা পরিচালনার বাস্তবসম্মত সুযোগ বজায় রেখেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার সড়ককে আরও নিরাপদ করা এবং নিজেদের সেবা উন্নত করার প্রতিশ্রুতিও জানিয়েছে।
আইনটি ২০২৮ সালের জুলাই থেকে কার্যকর হবে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেলস (ডিএমভি) আইনের বিভিন্ন দিক বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা তৈরি করবে। এর মধ্যে জরুরি পরিস্থিতিতে কোম্পানিগুলোকে কত দ্রুত সাড়া দিতে হবে, সে বিষয়েও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।