- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চলতি মে মাসের প্রথম নয় দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ৯ মে পর্যন্ত সময়ে দেশে মোট ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু গত বৃহস্পতিবার থেকে শনিবার—এই তিন দিনে এসেছে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মে মাসের প্রথম নয় দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৯ দশমিক ১০ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সামগ্রিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৯ মে পর্যন্ত সময়ে দেশে মোট ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৯ দশমিক ৫০ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ, ব্যাংকিং ব্যবস্থায় সহজীকরণ এবং ডলারের বিনিময় হার তুলনামূলক আকর্ষণীয় হওয়ায় প্রবাসী আয় বাড়ছে। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আয় বৃদ্ধিও এ প্রবণতায় ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের ধারণা, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।