Monday, February 16, 2026

রায়পুরে অটোচালক সোহাগ হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার


ফাইল ছবিঃ সোহাগ হোসেন (২৭) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোচালক সোহাগ হোসেন (২৭) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার রাখালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নজির, মো. রিদয়, মো. সুজন ও আরাফাত হোসেন। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এলাকায় জুয়া ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার একটি কলাবাগান থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহাগ একই ইউনিয়নের লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

ঘটনার পর রোববার সকালে সোহাগের বড় ভাই রাজিব হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাত থেকে সোহাগ নিখোঁজ ছিলেন। পরে তাকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।

নিহতের পরিবার দাবি করেছে, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। সন্দেহভাজনদের তথ্য ও ছবি পুলিশকে সরবরাহ করা হয়েছে বলে পরিবার জানিয়েছে। হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে রোববার বিকেলে নিহতের বাড়ির সামনে ও থানার সামনে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন