- ২০ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং আরও জোরদার করা হয়েছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে পরিচালিত হবে। মহান শহীদ দিবসে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষ সমাগম করবে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা করেছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকও নিরাপত্তা নিশ্চিতকরণে অংশ নেবেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, “নিরাপত্তা শুধু শহীদ মিনার কেন্দ্রিক নয়, পুরো ঢাকা শহরকে আমরা সুরক্ষিত রাখতে সর্বদা প্রস্তুত। আশা করি কোনো সমস্যার সৃষ্টি হবে না।” তিনি সাধারণ মানুষকে শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ জানিয়েছেন।
এবারের আয়োজনের নিরাপত্তা পরিকল্পনা শহীদ মিনারকে কেন্দ্র করে হলেও, পুরো শহরজুড়ে পুলিশি নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।