Sunday, May 24, 2026

রাজমিস্ত্রির সহকারী থেকে ব্রাজিল দলে, ইগর থিয়াগোর অবিশ্বাস্য উত্থান


ছবিঃ ইগর থিয়াগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দারিদ্র্য, সংগ্রাম আর কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে বিশ্ব ফুটবলে উঠে আসার গল্প নতুন নয়। পেলে, দিয়েগো ম্যারাডোনা কিংবা লুইস সুয়ারেজদের মতো আরও অনেক লাতিন ফুটবলারের জীবনে ছিল অভাব আর সংগ্রামের ছাপ। সেই তালিকায় এবার আলোচনায় উঠে এসেছে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ইগর থিয়াগোর নাম।

শৈশবে বাবাকে হারানোর পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল থিয়াগোকে। ফুটবল অনুশীলনের পাশাপাশি জীবিকার তাগিদে কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো ফলের দোকানের কর্মচারী, আবার কখনো ডেলিভারি বয় কিংবা গাড়ি পরিষ্কারের কাজ করেছেন তিনি। তবে এত কষ্টের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা হারাননি।

ব্রাজিলের পারানা রাজ্যে বড় হওয়া থিয়াগোর ফুটবলযাত্রা শুরু স্থানীয় পর্যায় থেকে। ছোটবেলা থেকেই রাস্তাঘাট কিংবা বাড়ির আঙিনায় ফুটবল খেলতে ভালোবাসতেন তিনি। স্থানীয় এক এনজিও আয়োজিত টুর্নামেন্টে খেলেই প্রথম নজরে আসেন সাবেক ফুটবলার টিকোর। পরে তাঁর মাধ্যমেই সুযোগ পান ছোট ক্লাব ভেরেতে।

পরিবার ছেড়ে নতুন শহরে গিয়ে ক্যারিয়ার গড়ার লড়াই সহজ ছিল না। কিন্তু প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে দ্রুতই নিজেকে প্রমাণ করেন থিয়াগো। ২০১৮ সালে পারানা অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হয়ে আলোচনায় আসেন তিনি। এরপর অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পেয়ে নজরে পড়েন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ক্রুজিরোর স্কাউটদের।

ক্রুজিরোতে পেশাদার ক্যারিয়ার শুরু হলেও শুরুতে মানসিক চাপে ভুগতে হয়েছে তাঁকে। পরিবার থেকে দূরে থাকা, ক্লাবের প্রত্যাশা আর সমালোচনা তাকে কঠিন সময়ের মুখোমুখি করেছিল। তবে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে ইউরোপের পথে পাড়ি জমান এই ফরোয়ার্ড।

পরবর্তীতে বুলগেরিয়ার ক্লাব লুডুগোরেটস হয়ে বেলজিয়ামের ক্লাব ব্রুজে খেলেন তিনি। এরপর ২০২৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড তাঁকে বড় অঙ্কের চুক্তিতে দলে ভেড়ায়।

প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ইগর থিয়াগো। চলতি মৌসুমে ২২ গোল করে আলোচনায় উঠে এসেছেন তিনি। গোলসংখ্যার দিক থেকে কেবল আর্লিং হালান্ডের পেছনেই অবস্থান করছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত মার্চে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পান থিয়াগো। জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যে গোলও করেছেন তিনি। এবার তাঁর সামনে সবচেয়ে বড় লক্ষ্য—বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন