- ২৪ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অতীত পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। আগের ছয়টি আসরে অংশ নিয়ে ২৫ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাকি ম্যাচগুলোতে হারই সঙ্গী হয়েছে বাঘিনীদের। তবে অতীতের হতাশা ভুলে এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে দলটি।
দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মনে করছেন, আগের ব্যর্থতা কোনো চাপ নয়, বরং নিজেদের বদলে দেওয়ার বড় সুযোগ। রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জয়হীন ধারার মধ্যে থাকলেও সেটিকে তিনি বোঝা হিসেবে দেখছেন না। বরং এটি ইতিহাস বদলের চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন।
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে স্বাগতিক স্কটল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নেদারল্যান্ডসও। এই সফরের উদ্দেশ্যে দুই ধাপে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের নারী ক্রিকেটে বরাবরই বড় সমস্যা ছিল ব্যাটিং। বোলাররা ধারাবাহিকভাবে ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় অনেক ম্যাচ হাতছাড়া হয়েছে। অতীতে বিশ্বকাপে কেবল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চায় দল।
জ্যোতি জানান, সাম্প্রতিক সিরিজগুলোতে দলের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করা হয়েছে। ফল অনুকূলে না এলেও পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তারা। বিশেষ করে বোলিং ইউনিট নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তাঁর বিশ্বাস, যেসব খেলোয়াড় বর্তমানে ভালো ছন্দে আছেন, তারা বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন।
এবারের বিশ্বকাপে অন্তত তিনটি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। বিশেষ করে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী দলটি। পাশাপাশি শক্তিশালী ভারতের বিপক্ষেও ভালো কিছুর স্বপ্ন দেখছেন জ্যোতি, কারণ অতীতে ভারতকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।
আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, বরং নিজেদের নতুনভাবে প্রমাণ করা।