- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ১ মে থেকে শুরু হওয়া সাত দিনের ধারাবাহিক অভিযানে মোট ৮৯৩ জনকে আটক করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে তেজগাঁও ও মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে তেজগাঁও বিভাগে ৬৮ জন এবং মিরপুর বিভাগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকায় গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগরে ১২ জন, মোহাম্মদপুরে ২৩ জন, আদাবরে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৭ জন এবং হাতিরঝিল এলাকায় ১৩ জন রয়েছে।
পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে ১ মে থেকে এই বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করা হয়। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ দমনে এই কার্যক্রম নেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে রাজধানীকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।