Wednesday, April 15, 2026

পয়লা বৈশাখে এনসিপির সাংস্কৃতিক আয়োজনে নাচে মাতলেন নেতাকর্মীরা


ছবিঃ পয়লা বৈশাখের অনুষ্ঠানে গানের তালে নাচে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে নেচে অংশ নেন দলটির একদল নেতাকর্মী। রাজধানীর বাংলামোটর এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত দর্শকদের মাঝেও সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এনসিপির শোভাযাত্রা শেষে বাংলামোটরের নেভি গলিতে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আশিক ও তাঁর দল।

গান পরিবেশনের এক পর্যায়ে শিল্পী আশিক উপস্থিত নেতাদের মঞ্চে উঠে নাচে যোগ দেওয়ার আহ্বান জানান। এতে সাড়া দিয়ে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী মঞ্চে উঠে নাচতে শুরু করেন। পরে তারা দলের আরও কয়েকজন নেতাকে সঙ্গে নেওয়ার চেষ্টা করেন।

তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ সময় নিজ আসনে বসে থাকেন এবং নাচে যোগ দেননি। তাঁদের নাচে অংশ নিতে অনুরোধ করা হলেও তাঁরা অনাগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাউলসম্রাট শাহ আবদুল করিম-এর জনপ্রিয় গান পরিবেশনের সময় এ দৃশ্যটি বিশেষভাবে নজরে আসে।

এর আগে বিকেলে বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত শোভাযাত্রা করে এনসিপি। রঙিন পোশাক, ঢাকের বাদ্য এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী।

সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ছয়টার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা হয়। পরে নেতারা বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজনে অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন