- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটের মাধ্যমে ব্যালট পাঠানো শুরু করেছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বিদেশ থেকে পাঠানো ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি ব্যালট পেপার বাংলাদেশে পৌঁছেছে।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে।
এই ব্যালটগুলোর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্য থেকে ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন। ভোট প্রদানের পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরেও পোস্টাল ভোট কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে নিবন্ধন করা (আইসিপিভি) ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, পোস্টাল ভোট ব্যবস্থার মাধ্যমে ভোটার অংশগ্রহণ আরও বাড়বে এবং প্রবাসী বাংলাদেশিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।