- ২৩ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক অবক্ষয়ের কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।
শুক্রবার (২৩ মে) রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। পল্লবীর ওই শিশুহত্যার প্রতিবাদ এবং শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় তারা বারবার এমন ভয়াবহ অপরাধ করতে সাহস পাচ্ছে।
তিনি আরও বলেন, পল্লবীর শিশুটির পরিবারের হতাশা ও ক্ষোভ বর্তমান বাস্তবতার প্রতিফলন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন। তিনি বলেন, সমাজে নারীকে মানুষ হিসেবে সম্মান না করে ভোগ্যপণ্য হিসেবে দেখার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। এই মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার যদি সত্যিকার অর্থে সমস্যার সমাধান চায়, তাহলে সারা দেশকে নারী ও শিশুদের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন দলের নেত্রী লূনা নূর, সাজেদুল হক, লাকী আক্তার ও মনোয়ারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোতালেব হোসেন।