Tuesday, May 26, 2026

পাসপোর্ট হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে অনিশ্চয়তায় সৌদি তারকা আবদুল হামিদ


ছবিঃ সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুল হামিদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN  

বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন সৌদি আরব জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার সৌদ আব্দুল হামিদ নেদারল্যান্ডসের আমস্টারডামে ব্যক্তিগত গাড়িতে চুরির ঘটনায় তার পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ায় জাতীয় দলের ক্যাম্পে নির্ধারিত সময়ে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানায়, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে আমস্টারডামে অবস্থান করছেন এই ডিফেন্ডার। সেখানে অবস্থানকালে তার গাড়িতে চুরির ঘটনা ঘটে।

ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, চুরির ঘটনায় পাসপোর্ট ছাড়াও বেশ কিছু ব্যক্তিগত নথি ও মূল্যবান সামগ্রী হারিয়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাস নতুন ভ্রমণ নথি প্রস্তুতের কাজ শুরু করেছে।

২৫ বছর বয়সী আব্দুল হামিদ বর্তমানে এএস রোমা থেকে ধারে ফরাসি ক্লাব আরসি লেন্স-এ খেলছেন। সম্প্রতি সৌদি আরবের নতুন প্রধান কোচ জর্জিওস দোনিস ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছেন তিনি।

এদিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অনুশীলন ক্যাম্প শুরু করেছে। নিউইয়র্ক ও টেক্সাসে ক্যাম্প চলাকালে দলটি ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরব। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে।

ফেডারেশনের কর্মকর্তারা আশা করছেন, দ্রুত নতুন পাসপোর্ট ইস্যু হলে আব্দুল হামিদ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন এবং বিশ্বকাপ প্রস্তুতিতে বড় কোনো প্রভাব পড়বে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন