- ২৬ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক জটিলতার মধ্যে ইরান জাতীয় ফুটবল দলকে বড় সহায়তা দিল মেক্সিকো। বিশ্বকাপ চলাকালে দলটির বেজক্যাম্প মেক্সিকোতে স্থাপনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির সরকার।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, ক্রীড়া ও মানবিক দৃষ্টিকোণ থেকে ইরানের দলকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। যুক্তরাষ্ট্রে অবস্থানসংক্রান্ত জটিলতার কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির পুরো দলকে টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। এর ফলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয় ইরানের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে।
এই পরিস্থিতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সরাসরি মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরে মেক্সিকো সরকার ইরানকে সীমান্তবর্তী শহর টিজুয়ানায় ক্যাম্প স্থাপনের অনুমোদন দেয়।
মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, “ইরানের ফুটবল দলকে মেক্সিকোতে অবস্থানের সুযোগ না দেওয়ার কোনো কারণ আমরা দেখছি না। খেলাধুলা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থাকা উচিত।”
এদিকে মেহেদী তাজ জানিয়েছেন, শুরুতে ইরানের বেজক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় করার পরিকল্পনা ছিল। তবে ভিসা ও রাজনৈতিক জটিলতা এড়াতে সেটি পরিবর্তন করে এখন টিজুয়ানায় নেওয়া হচ্ছে।
তিনি জানান, ইরানি খেলোয়াড় ও কর্মকর্তারা বিশেষ ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে পৌঁছাবেন এবং সেখান থেকেই ম্যাচ ভেন্যুগুলোতে যাতায়াত করবেন। এতে দলের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে ইরান ফুটবল ফেডারেশন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতির প্রভাব এবার ক্রীড়াঙ্গনেও পড়তে শুরু করেছে। বিশেষ করে ইরানকে ঘিরে নিরাপত্তা ও ভিসা ইস্যু বিশ্বকাপের আগে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকাজুড়ে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম ম্যাচে ১৫ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন শেষ গ্রুপ ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামবে দলটি।
বিশ্বকাপের আগে মেক্সিকোর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলে নতুন এক কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।