- ০১ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপের মূল আসরের আগে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিল ব্রাজিল। প্রীতি ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করে পানামাকে ৬-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অধিনায়ক ক্যাসেমিরোর নিখুঁত পাস কাজে লাগিয়ে গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা।
প্রথম ধাক্কা সামলে ১৩ মিনিটে ম্যাচে সমতা ফেরায় পানামা। একটি ফ্রি-কিক থেকে বল ব্রাজিলিয়ান খেলোয়াড় ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে স্কোরলাইন ১-১ হয়।
তবে সমতায় ফেরার পরও ব্রাজিলের আক্রমণের গতি কমেনি। প্রথমার্ধের শেষ দিকে ভিনিসিউসের তৈরি করা সুযোগ থেকে হেডে গোল করে দলকে আবারও এগিয়ে দেন ক্যাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রূপ নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। একের পর এক আক্রমণে পানামার রক্ষণভাগকে চাপে রেখে আরও চারটি গোল আদায় করে নেয় সেলেসাওরা। মাঝমাঠের নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং এবং আক্রমণভাগের কার্যকারিতা পুরো ম্যাচেই প্রতিপক্ষকে ভোগায়।
ম্যাচের ৮৩তম মিনিটে কার্লোস হার্ভে পানামার হয়ে একটি গোল শোধ করলেও সেটি কেবল ব্যবধান কমানোর কাজই করেছে। শেষ পর্যন্ত ৬-২ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয় বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। দলের আক্রমণভাগের ধার এবং মিডফিল্ডের নিয়ন্ত্রণ ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ৭ জুন মিসরের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।