Sunday, July 19, 2026

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি ক্রিকেটার, প্লাটিনামে একমাত্র শরিফুল


ফাইল ছবিঃ বাংলাদেশ ক্রিকেট দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের ড্রাফটে অংশ নিতে এবার ৩২ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

এবারের ড্রাফটে মোট ৪২১ জন ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছেন, যার মধ্যে ২৪২ জন বিদেশি খেলোয়াড়। বাংলাদেশি ক্রিকেটারদের বেশ কয়েকজনকে রাখা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে। এই তালিকায় রয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, ব্যাটার তাওহীদ হৃদয়, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ দুই তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

অন্যদিকে ক্লাসিক ক্যাটাগরিতে নাম রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারের। এই তালিকায় আছেন হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং রিপন মণ্ডলসহ আরও অনেকে।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ড্রাফট কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গঠনের লক্ষ্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে পছন্দের খেলোয়াড় বেছে নেবে।

তবে ড্রাফটের আগেই কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার দল নিশ্চিত করেছেন। অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে সরাসরি চুক্তিতে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

আগামী ১৭ জুলাই পর্দা উঠবে এলপিএলের ষষ্ঠ আসরের। টুর্নামেন্টটি চলবে ৮ আগস্ট পর্যন্ত। পাঁচটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ড্রাফটে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, রিপন মণ্ডল, আফিফ হোসেন, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও শহিদুল ইসলাম।

এবারের ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের বড় উপস্থিতি এলপিএলে দেশের খেলোয়াড়দের চাহিদা ও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের গ্রহণযোগ্যতারই প্রতিফলন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন