- ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে ঘিরে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রশাসনে বড় ধরনের নীতিগত পরিবর্তন দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ এক পোস্টে ফেডারেল সংস্থাগুলোকে অ্যানথ্রপিকের সব পণ্য ব্যবহার বন্ধের নির্দেশ দেন। তিনি ছয় মাসের একটি রূপান্তরকাল অনুমোদন করলেও স্পষ্ট করে দেন, ভবিষ্যতে অ্যানথ্রপিককে ফেডারেল ঠিকাদার হিসেবে আর বিবেচনা করা হবে না।
ট্রাম্পের পোস্টে সরাসরি ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করার কথা না থাকলেও পরে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আলাদা বার্তায় সেই পদক্ষেপের ঘোষণা দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তার স্বার্থে অ্যানথ্রপিককে সরবরাহ শৃঙ্খল ঝুঁকি হিসেবে বিবেচনা করা হবে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কোনো ঠিকাদার বা অংশীদার প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে না।
বিতর্কের সূত্রপাত পেন্টাগনের সঙ্গে অ্যানথ্রপিকের মতপার্থক্যকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটি তাদের এআই মডেলকে গণভিত্তিক অভ্যন্তরীণ নজরদারি বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। প্রতিরক্ষা দপ্তরের একাংশ এই শর্তকে অতিরিক্ত সীমাবদ্ধতা হিসেবে দেখলেও, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোডেই প্রকাশ্যে জানান—এই দুটি বিষয়ে প্রতিষ্ঠানটি আপস করবে না। তিনি বলেন, প্রতিরক্ষা দপ্তর চাইলে তারা সুশৃঙ্খলভাবে অন্য সরবরাহকারীর কাছে স্থানান্তরে সহায়তা করবে, যাতে চলমান সামরিক পরিকল্পনা বা মিশনে বিঘ্ন না ঘটে।
এদিকে, ওপেনএআই প্রকাশ্যে অ্যানথ্রপিকের অবস্থানের প্রতি সমর্থন জানায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কর্মীদের উদ্দেশে বার্তায় জানান, অবৈধ বা অনুপযুক্ত—বিশেষত অভ্যন্তরীণ নজরদারি ও স্বয়ংক্রিয় আক্রমণাত্মক অস্ত্রসংক্রান্ত—কোনো ব্যবহারে তারাও রাজি নন। BBC–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
তবে ঘটনাপ্রবাহ দ্রুত নতুন মোড় নেয়। ট্রাম্প প্রশাসন অ্যানথ্রপিকের সঙ্গে সম্পর্ক ছিন্নের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওপেনএআই পেন্টাগনের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয়। অল্টম্যান দাবি করেন, এই চুক্তিতেও নজরদারি ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারে আগের মতোই নীতিগত সীমারেখা বজায় থাকবে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে চলতি সপ্তাহেই সরকার ও ওপেনএআইয়ের মধ্যে বৈঠক শুরু হয়েছিল।
অন্যদিকে, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ইলিয়া সুতস্কেভার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ মন্তব্য করে বলেন, অ্যানথ্রপিকের অবস্থানে অনড় থাকা গুরুত্বপূর্ণ এবং ওপেনএআই একই ধরনের সীমারেখা টেনেছে—এটিও তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, গত জুলাইয়ে অ্যানথ্রপিক, ওপেনএআই ও গুগল—তিন প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে পৃথক চুক্তি পেয়েছিল। সাম্প্রতিক এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে এআই ব্যবহারের নীতি, নৈতিকতা ও বাণিজ্যিক প্রতিযোগিতা—সবকিছু নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও পাল্টাপাল্টি পদক্ষেপ দেখা যেতে পারে।