Friday, September 4, 2026

অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ফুফু-ভাতিজা নিহত


ছবিঃ যশোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। যশোর

যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের মজুমদার অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অভয়নগরের মশোরহাটি গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে আমজেদ মোল্যা (৫৫) এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিয়া বেগম (৬৫)।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সকালে আমজেদ মোল্যা তার ফুফু আছিয়া বেগমকে মোটরসাইকেলে নিয়ে বসুন্দিয়ায় মেয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মজুমদার অয়েল মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমজেদ মোল্যাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আছিয়া বেগম।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজনীন নিগার জানান, দুর্ঘটনার পর দুজনকে হাসপাতালে আনা হলে আমজেদ মোল্যাকে ভর্তির আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে আছিয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গড়াই পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪ নম্বরের বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন