Thursday, June 4, 2026

অর্থনৈতিক চাপ মোকাবিলায় আইএমএফ–বিশ্বব্যাংকের অতিরিক্ত সহায়তার আশ্বাস


ছবিঃ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত সংস্থাগুলোর বসন্তকালীন বৈঠকের ফাঁকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধিদলের সূত্র জানায়, আগামী জুনের মধ্যে বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা পেতে পারে। এ বিষয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

বৈঠকে আইএমএফের নির্বাহী পরিচালক উর্জিত প্যাটেল এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আইএমএফের চলমান ঋণ কর্মসূচির অধীনে কিস্তি ছাড়ের পাশাপাশি অতিরিক্ত সহায়তার সম্ভাবনাও রয়েছে। আগামী বাজেটের আগেই নতুন অর্থায়নের কিছু অংশ পাওয়ার আশা করছেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আইএমএফের প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি ঋণ কর্মসূচির আওতায় রয়েছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য আইএমএফ ৫০ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ২৫ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা তহবিল ঘোষণা করেছে।

সরকারের আশা, এই অতিরিক্ত সহায়তা পেলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান ঘাটতি মোকাবিলা সহজ হবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন