- ১৬ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
যুক্তরাষ্ট্রে এক ফেডারেল জুরি রায়ে বিনোদন জগতের বড় প্রতিষ্ঠান লাইভ নেশন-কে অবৈধ একচেটিয়া ব্যবসা পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করেছে। এই রায়ের ফলে প্রতিষ্ঠানটি এবং এর টিকিটিং সহযোগী টিকিটমাস্টার -এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি কোম্পানিটি ভেঙে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বুধবার দেওয়া এই রায় দীর্ঘদিনের আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওযে) এবং ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লাইভ নেশন-এর বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে মামলা করে। অভিযোগে বলা হয়, ২০১০ সালে লাইভ নেশন ও টিকিটমাস্টার একীভূত হওয়ার পর প্রতিষ্ঠানটি টিকিট বিক্রি ও ভেন্যু বুকিংয়ের বড় অংশ নিয়ন্ত্রণ করতে থাকে, যা বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেয়।
মামলার শুনানির সময় কোম্পানির অভ্যন্তরীণ কিছু স্ল্যাক বার্তাও প্রকাশ্যে আসে, যেখানে কর্মীদের মধ্যে গ্রাহকদের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়ে হাস্যরস করতে দেখা যায়। প্রসিকিউশন পক্ষ দাবি করে, এসব বার্তা কোম্পানির গ্রাহকদের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
তবে লাইভ নেশন এসব মন্তব্যকে ‘অফ দ্য কাফ’ বা হালকা কথোপকথন হিসেবে ব্যাখ্যা করেছে এবং এগুলোকে কোম্পানির নীতিনির্ধারণ বা বাস্তব সিদ্ধান্তের প্রতিফলন নয় বলে দাবি করেছে।
এর আগে বিচার বিভাগের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছায় লাইভ নেশন, যেখানে প্রতিষ্ঠানটিকে ২৮০ মিলিয়ন ডলার জরিমানা এবং অন্তত ১৩টি ভেন্যু বিক্রি বা আলাদা করার শর্ত দেওয়া হয়। তবে জুরির সর্বশেষ রায়ের পর এই শাস্তি আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আদালতের। বিচারক অরুণ সুব্রামানিয়ান পরবর্তী পর্যায়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করবেন।
বিশ্লেষকদের মতে, যদি লাইভ নেশন এবং টিকিটমাস্টার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আসে, তবে এটি যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং দীর্ঘদিন ধরে সমালোচিত টিকিটের উচ্চমূল্য ও অতিরিক্ত ফি কমাতে সহায়ক হতে পারে।