Friday, April 3, 2026

নতুন সময়সূচি: অফিস সময় ৯–৪ টা, সন্ধ্যা ৬টার মধ্যে সকল দোকান বন্ধ


ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি ব্যবস্থায় চাপ কমাতে সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি অফিসের কাজের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত, এবং ব্যাংক বিকেল ৪টার মধ্যে বন্ধ হবে। এছাড়া, দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা এবং কাঁচাবাজারের দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

তবে কৃচ্ছ্রসাধনের নীতিও বৈঠকে ঠিক করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সরকারি অর্থায়নে নতুন যানবাহন, কম্পিউটার এবং বিদেশি প্রশিক্ষণ সীমিত করা হবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হবে। সভা-সেমিনার ও আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামানো হবে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানো হবে এবং ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাস করা হবে। বিয়ে বা উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত আলাদা নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় আগামী রোববার থেকে জারি করবে। সরকারের লক্ষ্য, শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়। সরকার ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক সুবিধা দেবে, যা স্কুল-কলেজগুলো বিনা খরচে ব্যবহার করতে পারবে। পাশাপাশি সপ্তাহে জোড়-বিজোড় ভিত্তিতে অনলাইন ও সশরীর ক্লাস চালানোর বিষয়েও পরিকল্পনা চলছে।

বৈঠকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের সংশোধনী খসড়া অনুমোদন করা হয়েছে। এই আইনের মাধ্যমে পরীক্ষায় সমস্ত ধরনের অপরাধের বিচার সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে বলেন, “গৃহীত পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এবং জনজীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় এগুলো সহায়ক হবে।”

সরকার আশা করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং শিল্প, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন