- ১১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে রোববার কোচের নাম ঘোষণার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৫ মে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কোচ নিয়োগের বিষয়ে আলোচনা এখনও চলছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমন্বয় করেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা–এর অধ্যায়ের সমাপ্তির পর থেকেই নতুন কোচ নিয়ে জোর আলোচনা শুরু হয়। বাফুফে সূত্রে জানা গেছে, এবার জাতীয় দলের দায়িত্ব নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৩০ জন কোচ আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী।
বাছাই প্রক্রিয়ার কয়েক ধাপ শেষে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান ২৩ জন। পরে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় ১১ জনকে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম ছিল ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল–এর। ২০১৬ অলিম্পিকে ব্রাজিলকে সোনা জেতানো এই কোচকে নিয়ে দেশের ফুটবল অঙ্গনে বেশ আগ্রহ তৈরি হয়েছিল। তবে বাফুফের সিদ্ধান্তে বিলম্ব হওয়ায় তিনি অন্য ক্লাবে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান। জাতীয় দল ও ক্লাব ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই কোচ অতীতে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবে কাজ করেছেন।
এ ছাড়া আলোচনায় রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। তিনি এর আগে হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। বাফুফের একাধিক সূত্র বলছে, শেষ পর্যন্ত এই দুই কোচের একজনের হাতেই উঠতে পারে বাংলাদেশের জাতীয় দলের দায়িত্ব।
নতুন কোচকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।