Friday, August 7, 2026

নস্টালজিয়া, অসমাপ্ত প্রেম আর নতুন আলোচনার কেন্দ্র ‘মুসাফির ক্যাফে’


ছবিঃ ‘মুসাফির ক্যাফে’র পোস্টার থেকে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মুক্তির পর কেটে গেছে প্রায় দুই সপ্তাহ। তবুও দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নেটফ্লিক্সের রোমান্টিক ড্রামা সিরিজ মুসাফির ক্যাফে। বাংলাদেশে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সর্বাধিক দেখা কনটেন্টের তালিকায় শীর্ষস্থান ধরে রাখা সিরিজটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীদের আড্ডা—সবখানেই আলোচনায়।

অ্যাকশন, থ্রিলার কিংবা ক্রাইমনির্ভর কনটেন্টের ভিড়ে একটি নিখাদ প্রেমের গল্প এতটা সাড়া ফেলবে—এমনটা সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি। দর্শকদের একটি বড় অংশের মতে, সিরিজটির সবচেয়ে বড় শক্তি এর আবেগ, যেখানে অসমাপ্ত সম্পর্ক, স্মৃতি এবং জীবনের পরিবর্তিত বাস্তবতা একসঙ্গে মিশে গেছে।

দিব্য প্রকাশ দুবের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত আট পর্বের এই সিরিজ পরিচালনা করেছেন রুচির অরুণ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চন্দর, সুধা ও প্রীতিকে ঘিরে গড়ে ওঠা এক ত্রিভুজ প্রেমের সম্পর্ক। ভালোবাসা, স্বপ্ন, বিচ্ছেদ এবং নতুন করে জীবন শুরু করার গল্পকে দুই ভিন্ন সময়রেখায় উপস্থাপন করা হয়েছে।

গল্পে দেখা যায়, বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে দেশে ফিরে আসে চন্দর। তার স্বপ্ন পাহাড়ঘেরা কোনো শহরে নিজের একটি ক্যাফে গড়ে তোলা। সেই সময় পরিচয় হয় স্বাধীনচেতা আইনজীবী সুধার সঙ্গে। দুজনের সম্পর্ক দ্রুত গভীর হলেও জীবনের লক্ষ্য ও ব্যক্তিগত অগ্রাধিকারের সংঘাতে একসময় তাদের পথ আলাদা হয়ে যায়। এরপর চন্দরের জীবনে আসে প্রীতি, যার উপস্থিতি তাকে নতুনভাবে জীবনকে দেখার সুযোগ করে দেয়। কিন্তু অতীতের স্মৃতি সহজে তাকে ছাড়ে না।

সমালোচকদের মতে, সিরিজটির সবচেয়ে বড় অর্জন হলো সম্পর্কের ভাঙনকে প্রচলিত সাদা-কালো দৃষ্টিভঙ্গিতে না দেখানো। এখানে কাউকে সম্পূর্ণ সঠিক বা ভুল হিসেবে উপস্থাপন করা হয়নি। বরং দেখানো হয়েছে, জীবনের স্বপ্ন, অগ্রাধিকার এবং সময়ের পরিবর্তন কীভাবে ধীরে ধীরে দুটি মানুষকে দূরে সরিয়ে দেয়।

অভিনয়ের দিক থেকে চন্দর চরিত্রে বিক্রান্ত ম্যাসি আবারও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। চরিত্রটির আবেগ, দ্বিধা ও মানসিক টানাপোড়েন তিনি স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সুধার ভূমিকায় বেদিকা পিন্টো আত্মবিশ্বাসী উপস্থিতি দেখালেও কিছু মুহূর্তে রসায়নের ঘাটতি চোখে পড়ে। অন্যদিকে প্রীতি চরিত্রে মহিমা মাকওয়ানা সংযত অভিনয় করলেও চিত্রনাট্যে চরিত্রটির পরিধি তুলনামূলক সীমিত থাকায় তার সম্ভাবনার পুরোটা প্রকাশের সুযোগ মেলেনি।

নির্মাণশৈলীতে ২০১০-এর দশকের রোমান্টিক বলিউড সিনেমার প্রভাব স্পষ্ট। নরম আবহসংগীত, পাহাড়ি লোকেশন, সম্পর্ককেন্দ্রিক সংলাপ এবং আত্মঅন্বেষণের যাত্রা পুরো সিরিজজুড়ে এক ধরনের নস্টালজিক অনুভূতি তৈরি করে। বিশেষ করে মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্য গল্পের আবেগকে আরও গভীর করেছে।

তবে সব প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও রয়েছে। অনেকের মতে, যে গল্প চার বা পাঁচ পর্বেই বলা সম্ভব ছিল, সেটিকে আট পর্বে বিস্তৃত করায় কিছু জায়গায় গতি কমে গেছে। কয়েকটি দৃশ্য পুনরাবৃত্তিমূলক মনে হয় এবং আবেগের ধারাবাহিকতাও কিছুটা শিথিল হয়েছে। এছাড়া ভোপালকে কেন্দ্র করে গল্পের গুরুত্বপূর্ণ অংশ থাকলেও শহরটির নিজস্ব পরিবেশ ও সংস্কৃতিকে নির্মাণে পর্যাপ্তভাবে তুলে ধরা হয়নি।

এসব সীমাবদ্ধতা সত্ত্বেও ‘মুসাফির ক্যাফে’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে মূলত এর মানবিক গল্প বলার ভঙ্গির কারণে। সম্পর্কের জটিলতা, অসমাপ্ত ভালোবাসা এবং জীবনের বাস্তবতাকে অতিনাটকীয়তার বদলে সংযত আবেগে উপস্থাপন করায় সিরিজটি আলাদা মাত্রা পেয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার ও অপরাধভিত্তিক কনটেন্টের আধিপত্যের মধ্যে ‘মুসাফির ক্যাফে’ প্রমাণ করেছে, আন্তরিকভাবে বলা একটি প্রেমের গল্পও দর্শকের হৃদয় ছুঁতে পারে। আর সে কারণেই মুক্তির দুই সপ্তাহ পরও সিরিজটি নিয়ে আলোচনা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন