- ০৮ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে Albany এলাকার রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বুধবার (৮ এপ্রিল) নিশ্চিত করেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নাসির উদ্দিন।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। তারা নিউইয়র্কের লাউডনভিল এলাকায় বসবাস করতেন।
আহতদের মধ্যে রয়েছেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছরের শিশু কন্যা ইকরা। তাদের Albany-এর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রবাসী কমিউনিটি সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারে করে ঘুরতে বের হয়েছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজক অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি Toyota Crown-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনরা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় জোহরের নামাজের পর ব্রঙ্কসের Baitul Aman Islamic Center-এ তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের মরদেহ নিউ জার্সির মার্লবোরো মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের সদস্যরা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।