- ১১ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বান্দরবান
বান্দরবান সদর হাসপাতালের একটি নির্মাণাধীন সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা উভয়েই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজ চলাকালে শ্রমিকরা লোহার অ্যাঙ্গেল ব্যবহার করছিলেন। একপর্যায়ে অ্যাঙ্গেলটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তারা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং পরিস্থিতি পরিদর্শন করেন।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।