- ০৪ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ব্যক্তিগত কাজের জন্য তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মিউজ’কে এবার নিজেদের তৈরি হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত করার সুযোগ দিচ্ছে মেটা। এজন্য ‘মিউজ গ্যাজেটস’ নামে একটি ওপেন সোর্স প্রকল্প চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের এআই ডিভাইস তৈরি করতে পারবেন।
মেটার নতুন উদ্যোগে ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় ফার্মওয়্যার ও সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) উন্মুক্ত করা হয়েছে। ডেভেলপাররা লিনাক্সভিত্তিক কম্পিউটার কিংবা ESP32-এর মতো স্বল্পমূল্যের হার্ডওয়্যার ব্যবহার করে মিউজের সঙ্গে নিজেদের তৈরি ডিভাইস যুক্ত করতে পারবেন।
মেটার দেওয়া তথ্য অনুযায়ী, এসব ডিভাইসের সঙ্গে পর্দা, বোতাম, সেন্সর, অডিও ইনপুট-আউটপুটসহ বিভিন্ন উপাদান যুক্ত করা যাবে। ফলে মিউজকে শুধু স্মার্টফোনের একটি এআই সেবার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন ধরনের ডিভাইস তৈরি করতে পারবেন।
মিউজ গ্যাজেটসের জন্য মেটা বেশ কয়েকটি সম্ভাব্য প্রকল্পের ধারণাও দিয়েছে। এর মধ্যে রয়েছে রঙিন ই-ইঙ্ক ডিসপ্লেতে মিউজের তথ্য দেখানো এবং টেলিভিশনের এইচডিএমআই পোর্টে যুক্ত করা যায় এমন একটি ছোট ডিভাইস তৈরি।
এ ছাড়া Raspberry Pi ব্যবহার করে মিউজকে হোম অ্যাসিস্ট্যান্টের মতো লিনাক্সভিত্তিক বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ রয়েছে। ESP32-ভিত্তিক ডিভাইসে ছোট পর্দা, মাইক্রোফোন, স্পিকার বা সেন্সর যোগ করেও বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করা যাবে।
মেটা এ ধরনের ডেভেলপার ও শৌখিন নির্মাতাদের জন্য একটি Discord কমিউনিটিও চালু করেছে। সেখানে ব্যবহারকারীরা নিজেদের প্রকল্প নিয়ে আলোচনা, সমস্যা সমাধান এবং তৈরি করা ডিভাইসের ধারণা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
শুধু অন্যদের জন্য প্রকল্প উন্মুক্ত করেই থামেনি মেটা। প্রতিষ্ঠানটি নিজেরাও ‘Muse Home Link’ নামে একটি ছোট ডিভাইস তৈরি করেছে। USB-C সংযোগের এই ডিভাইস মিউজকে ব্যবহারকারীর বাড়ির Wi-Fi নেটওয়ার্কে থাকা বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়।
মেটার তথ্য অনুযায়ী, Home Link-এ ESP32-C5 চিপ ব্যবহার করা হয়েছে। এতে Wi-Fi 6 সুবিধা রয়েছে এবং ডিভাইসটি মিউজের সঙ্গে যুক্ত করার পর বিভিন্ন কমিউনিটি-নির্মিত ‘স্কিল’ ব্যবহার করে স্মার্ট টিভি, স্পিকার বা অন্যান্য সামঞ্জস্যপূর্ণ ডিভাইস নিয়ন্ত্রণ করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রে সক্রিয় মিউজ গ্রাহকদের জন্য Home Link বিনা মূল্যে দেওয়ার কথা জানিয়েছে মেটা। তবে এটি সীমিত সংখ্যায় এবং ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে।
মেটার নতুন উদ্যোগটি দেখাচ্ছে, প্রতিষ্ঠানটি মিউজকে কেবল প্রশ্নের উত্তর দেওয়া একটি এআই অ্যাপ হিসেবে রাখতে চাইছে না। বরং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে—এমন একটি ব্যক্তিগত এআই এজেন্ট হিসেবে এর ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে।
এর আগে মেটা মিউজকে ব্যবসায়িক ব্যবহারকারীদের কাছেও নেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি স্মার্ট গ্লাসসহ বিভিন্ন ডিভাইসের সঙ্গে মিউজকে যুক্ত করার পরিকল্পনাও সামনে এনেছে প্রতিষ্ঠানটি।
মিউজ গ্যাজেটসের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো, মেটা এবার ব্যবহারকারীদের নিজেদের হার্ডওয়্যার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দিচ্ছে। অর্থাৎ মিউজকে কীভাবে ব্যবহার করা হবে, সেটি শুধু মেটার তৈরি ডিভাইসের ওপর নির্ভর করবে না; প্রযুক্তিপ্রেমীরা নিজেদের প্রয়োজন ও কল্পনা অনুযায়ী এর জন্য নতুন ডিভাইসও তৈরি করতে পারবেন।
মেটার ওপেন সোর্স কোড ও ডিভাইস এসডিকে Apache 2.0 লাইসেন্সের অধীনে প্রকাশ করা হয়েছে। তবে মিউজ গ্যাজেটসের এসডিকে ব্যবহারের ক্ষেত্রে মেটার নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতাও রয়েছে।