- ১১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর এবার বৈশ্বিক আসরের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
রোববার ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তাজ নেহার। অন্যদিকে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে থাকা শারমিন সুলতানা জায়গা হারিয়েছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে।
আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১২টি দল। বাংলাদেশ পড়েছে কঠিন ‘এ’ গ্রুপে। এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, ভারত নারী ক্রিকেট দল, পাকিস্তান নারী ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল এবং নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল।
বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে ১৪ জুন। ওই দিন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল। এরপর গ্রুপপর্বে আরও চারটি ম্যাচ খেলবে তারা।
দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার।
বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।
বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১২ মে থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।