- ১১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে অস্থিরতার মধ্যে পড়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লা লিগার শিরোপার দৌড়েও পিছিয়ে থাকা দলটির ড্রেসিংরুমে এবার সংঘর্ষে জড়িয়েছেন দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনি। ঘটনার পর দুজনকেই বড় অঙ্কের জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় তর্কের জেরে দুই ফুটবলারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভালভার্দে মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ক্লাব সূত্র জানিয়েছে, এই ইনজুরির কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন তিনি। ফলে আজকের গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে।
অন্যদিকে চুয়ামেনি অনুশীলনে ফিরেছেন এবং বার্সেলোনা–র বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তদন্তে অংশ নিয়ে দুই খেলোয়াড়ই নিজেদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তারা একে অপরের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কোচিং স্টাফ, সতীর্থ ও সমর্থকদের কাছেও অনুশোচনা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভালভার্দে বলেন, অতিরিক্ত চাপ ও হতাশা থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি দাবি করেন, সংঘর্ষের সময় একটি টেবিলে আঘাত লেগে তার কপালে চোট লাগে। অন্যদিকে চুয়ামেনিও স্বীকার করেছেন, এমন ঘটনা পেশাদার ফুটবলে গ্রহণযোগ্য নয়।
এদিকে আজ রাতের এল ক্লাসিকো ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা বিরাজ করছে। লা লিগার পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বার্সেলোনা। ফলে এই ম্যাচে হারলে শিরোপার আশা আরও কঠিন হয়ে পড়বে মাদ্রিদ জায়ান্টদের জন্য।