Wednesday, March 4, 2026

নারায়ণগঞ্জে নারী নির্যাতন ও চুরি মামলায় প্রধান আসামি সেলিম ভুঁইয়া আটক


ছবিঃ তিন নারীকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগকে কেন্দ্র করে তিন নারীকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মূলহোতা সেলিম ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির অভিযোগে ওই তিন নারীও গ্রেপ্তার হয়েছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, নারীদের ওপর নির্যাতনের ঘটনায় একটি এবং স্বর্ণালংকার চুরির অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়েছে। নির্যাতনের মামলায় প্রধান আসামি সেলিম ভুঁইয়াকে আটক করা হয়েছে। অপরদিকে সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে তিন নারীকে আসামি করে চুরির মামলা করেছেন। পরে পুলিশ তাদেরও গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহরগাঁও এলাকার ব্যবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। অভিযোগ রয়েছে, এরপর কয়েকজন মিলে তাদের গাছে বেঁধে মারধর, শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়।

ভুক্তভোগী নারীরা বর্তমানে রূপগঞ্জের হোড়গাঁও গ্রামে বসবাস করলেও তাদের স্থায়ী বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর এলাকার সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর এলাকার ইতি আক্তার (২৮) এবং বালিয়াপাড়া এলাকার শারমিন আক্তার (৩০)।

ইতি আক্তার দাবি করেন, কাজের সন্ধানে তারা রূপগঞ্জে এসেছিলেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় ঈদের পর যোগ দেওয়ার কথা ছিল। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে তারা ওই বাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ আনা হয়। এরপর ৭-৮ জনের একটি দল লোহার পাইপ ও লাঠি দিয়ে মারধর করে, কাপড় ছিঁড়ে লাঞ্ছিত করে এবং গাছের সঙ্গে বেঁধে চুল কেটে দেয়। পরে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা হুমকি দিয়ে সরে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

এ ঘটনায় শারমিন আক্তারের পিতা লাল মিয়া বাদী হয়ে সেলিম ভুঁইয়াকে নামীয় এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন।

ওসি সবজেল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। নির্যাতনের অভিযোগ ও চুরির অভিযোগ—দুই দিকই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার চারজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের একাংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, অন্যদিকে চুরির অভিযোগেরও সুষ্ঠু তদন্ত চেয়েছেন অনেকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন