Sunday, July 26, 2026

মতিঝিলে আইইডি উদ্ধারের ঘটনায় উদ্বেগ জামায়াতের, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি


ফাইল ছবিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এমন ঘটনার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্য জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। তাই এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে রাখা সন্দেহজনক বস্তু শনাক্ত করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে আইইডি হিসেবে শনাক্ত করে নিরাপদ উপায়ে নিষ্ক্রিয় করে। এ সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় স্প্লিন্টারের আঘাতে এক পথচারী আহত হন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। বিশেষ করে মেট্রোরেল স্টেশন, পরিবহন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি বলে তিনি মনে করেন।

তিনি আহত পথচারীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ঘটনার সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্বারোপ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতার পুনরাবৃত্তি না ঘটে।

বিবৃতির শেষাংশে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি, নাশকতা বা জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন