Wednesday, April 1, 2026

মঠবাড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত: ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা


ছবিঃ উদ্ধার অভিযান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে পৌর শহরের হাসপাতাল রোড এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শামীম হাসান খান বাজারে তেলের ঘাটতির ধারণা তৈরি করে নিজের বাসার নিচতলায় গোপনে জ্বালানি তেল মজুত করে রাখেন। খবর পেয়ে বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানের সময় ওই বাসা থেকে ১ হাজার ৬৮৩ লিটার ডিজেল, ১২০ লিটার পেট্রল, ২৬৩ লিটার কেরোসিন এবং ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেলের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, একটি অসাধু চক্র তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছিল। এছাড়া জনবসতিপূর্ণ এলাকায় বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ মজুত করে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও সৃষ্টি করা হয়েছিল।

তিনি আরও বলেন, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন