Monday, July 20, 2026

মোংলায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা


ছবিঃ ডেঙ্গুর উপসর্গ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বাগেরহাট

বাগেরহাটের মোংলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সময়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তে শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফা আক্তারকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহত ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা শাকিল তালুকদারের মেয়ে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রোববার সকালে নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় ডেঙ্গু আক্রান্তের প্রবণতা ঊর্ধ্বমুখী। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন নতুন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই ব্যক্তি ও সামাজিক পর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন