- Apr 16, 2026
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)-এর ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ আগামী সাত দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
শনিবার সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে বাঘমারা ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুর। জানা গেছে, তারা ছাত্রদলের ভিন্ন দুটি পক্ষের অনুসারী।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাইকে জ্বালানি নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এরপর হামিদুর বাইরে গেলে তার ওপরও হামলা চালানো হয়। ঘটনাটি দ্রুতই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়, যা পুরো ছাত্রাবাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।
কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান জানিয়েছেন, গুরুতর আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, আর হামিদুর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ কোতয়ালী মডেল থানা -এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।