Saturday, February 28, 2026

মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ নিহত ৩


ছবিঃ চট্টগ্রামের মিরসরাইয়ের বাড়িয়ারহাটে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাড়িয়ারহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর একজন মার্চেন্ট সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের দিকে ধুমঘাট ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধুমঘাট ব্রিজের আগমুহূর্তে বনবিভাগের একটি চেকপোস্টে কাঠবোঝাই একটি ট্রাক থামিয়ে রাখা ছিল। ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের একজন নৌবাহিনীর মার্চেন্ট শাখার সদস্য নাফিজ আহমেদ অয়ন। তিনি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ দিনের ছুটি কাটিয়ে তিনি মাদারীপুরে নিজ কর্মস্থলে ফিরছিলেন। বাকি নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে বাড়িয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, উদ্ধার শেষে তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরাগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং হতাহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন