- ১৪ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের হালকা সংস্করণের ইমেইল অ্যাপ Outlook Lite বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৬ মে থেকে অ্যাপটি আর ব্যবহারযোগ্য থাকবে না।
২০২২ সালে চালু হওয়া আউটলুক লাইট মূলত কম স্টোরেজ ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড ফোন এবং ধীরগতির ইন্টারনেট ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। উন্নয়নশীল দেশগুলোর ব্যবহারকারীদের লক্ষ্য করে অ্যাপটি বাজারে আনা হয়।
এর আগে গত বছরই মাইক্রোসফট জানিয়েছিল, অ্যাপটি ধাপে ধাপে বন্ধ করা হবে এবং ২০২৫ সালের অক্টোবরে এটি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, বিদ্যমান ব্যবহারকারীরাও শিগগিরই অ্যাপটির সেবা ব্যবহার করতে পারবেন না।
মাইক্রোসফট ব্যবহারকারীদের উন্নত নিরাপত্তা ও পূর্ণাঙ্গ সুবিধা পেতে মূল Outlook Mobile অ্যাপে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। নতুন অ্যাপে লগইন করলে ব্যবহারকারীরা আগের ইমেইল, ক্যালেন্ডার ও সংযুক্ত ফাইলগুলো আগের মতোই দেখতে পারবেন।
এছাড়া ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে স্ট্যান্ডার্ড আউটলুক অ্যাপ ডাউনলোড করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, একাধিক অ্যাপের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের একত্রিত করতেই মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে।