Thursday, February 5, 2026

মাইক্রোসফট ৩৬৫–এ বড় ধরনের বিভ্রাট, ইমেইল ও ফাইল ব্যবহারে ভোগান্তি


প্রতীকী ছবিঃ মাইক্রোসফট (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বজুড়ে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় ক্লাউড সেবা মাইক্রোসফট ৩৬৫–এ বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এই সমস্যার কারণে বহু ব্যবহারকারী ইমেইল, ফাইল, অনলাইন মিটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় প্রবেশ করতে পারছেন না।

মাইক্রোসফট জানিয়েছে, উত্তর আমেরিকার একটি অংশের সার্ভিস অবকাঠামো স্বাভাবিকভাবে কাজ না করায় এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সমস্যাটি চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ চলছে।

প্রতিষ্ঠানটির সার্ভিস স্ট্যাটাস পেজ অনুযায়ী, এই বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক্সচেঞ্জ অনলাইন ইমেইল সেবা। পাশাপাশি শেয়ারপয়েন্ট অনলাইন ও ওয়ানড্রাইভে সংরক্ষিত ফাইল খোঁজা ও ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে মাইক্রোসফট টিমস–এ নতুন চ্যাট তৈরি, মিটিং আয়োজন কিংবা সদস্য যোগ করাও ব্যাহত হচ্ছে।

শুধু সাধারণ ব্যবহারকারীরাই নয়, প্রশাসনিক পর্যায়ের ব্যবহারকারীরাও সমস্যায় পড়েছেন। অনেক অ্যাডমিন মাইক্রোসফট পিউরভিউ, ডিফেন্ডার এক্সডিআর নিরাপত্তা ড্যাশবোর্ড এবং বিভিন্ন অ্যাডমিন সেন্টারে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছে মাইক্রোসফট।

এই বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ বা কখন পুরোপুরি সমাধান হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সচল করাই তাদের প্রধান লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, মাইক্রোসফট ৩৬৫–এর মতো গুরুত্বপূর্ণ সেবায় এমন বিপর্যয় ব্যবসা ও করপোরেট কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান পুরোপুরি ক্লাউডভিত্তিক ব্যবস্থার ওপর নির্ভরশীল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন