Thursday, March 12, 2026

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত একাধিক, পাল্টা রকেট হামলা হিজবুল্লাহ ও ইরানের


ছবিঃ ২০০৬ সালের ১২ মার্চ রামলেত আল-বাইদা এলাকায় ইসরায়েলি হামলায় নিহতের ঘটনার পর ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের যানবাহন ও মানুষজন জড়ো হয়েছে। (সংগৃহীত । আল জাজিরা । জ্যাক সিক্যালি/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। লেবাননের রাজধানী বেইরুতসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময় পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং ইরান সমন্বিতভাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেইরুতের সমুদ্রতীরবর্তী এলাকা রামলেত আল-বাইদায় ইসরায়েলের একটি ‘ডাবল ট্যাপ’ বিমান হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৩১ জন আহত হন। এই এলাকায় যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু পরিবার অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় তাঁবুতে ঘুমিয়ে থাকা অবস্থায় যুদ্ধবিমানের শব্দে ঘুম ভাঙে তাদের। প্রথম বিস্ফোরণের পরপরই আরেকটি হামলা হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি লক্ষ্যভিত্তিক হলেও এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের পৃথক হামলায় আরও অন্তত সাতজন নিহত হয়েছেন। রাজধানীর দক্ষিণে আরামুন এলাকায় এক হামলায় তিনজন নিহত এবং একটি শিশু আহত হয়েছে। এছাড়া বিন্ত জবেইল জেলার দেইর আন্তার শহরে হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হন। টায়ার অঞ্চলের একটি চারতলা ভবনে হামলার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে।

এর আগে একই দিনে টায়ার জেলার বুর্জ শামালি এলাকায় এক হামলায় এক মা ও তাঁর তিন সন্তান নিহত হন। অন্যদিকে বালবেক জেলার শাআত শহরে হামলায় অন্তত আটজনের প্রাণহানি ঘটে।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬৩৪ জনে পৌঁছেছে।

অন্যদিকে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক দফায় হামলা চালিয়েছে। বুধবার রাতের দিকে প্রায় ১০০টি রকেট ছোড়া হয়, যা চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলাগুলোর একটি বলে উল্লেখ করা হয়েছে।

রকেট হামলার কারণে উত্তর ইসরায়েলের বহু বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে হিজবুল্লাহ।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের কারণে লেবাননে ইতোমধ্যে প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে সংঘাতের শুরু থেকে লেবাননে অন্তত দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং ইসরায়েলের ভেতরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন