Thursday, March 12, 2026

নেটফ্লিক্সে মুক্তির পর আলোচনায় বেন অ্যাফ্লেক–ম্যাট ডেমনের ‘দ্য রিপ’


ছবিঃ ‘দ্য রিপ’ এর দৃশ্যে ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘদিনের বন্ধু বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন নতুন সিনেমা The Rip-এ। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তির পরই ছবিটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, সিনেমাটি নব্বইয়ের দশকের ক্লাসিক ক্রাইম থ্রিলারের আবহ ফিরিয়ে এনেছে।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ক্রাইম থ্রিলারের গল্প শুরু হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি লেকস এলাকায় ঘটে যাওয়া এক নাটকীয় অভিযানের মধ্য দিয়ে। ২০১৬ সালের ২৯ জুন একটি বাড়িতে অভিযান চালাতে গিয়ে পুলিশ কর্মকর্তারা গোপন একটি কক্ষের সন্ধান পান। সেখানে পাওয়া যায় কমলা রঙের বেশ কয়েকটি বড় বালতি, যার ভেতর ছিল শত ডলারের নোটে ভরা বিপুল পরিমাণ অর্থ। মোট প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার উদ্ধার হয়, যা সে সময় পুলিশ বিভাগের জব্দ করা অর্থের ইতিহাসে অন্যতম বড় ঘটনা হিসেবে আলোচনায় আসে।

এই ঘটনার প্রেক্ষাপট থেকেই নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য রিপ’। ছবিটি শুধু একটি পুলিশি অভিযানের গল্প নয়, বরং বিপুল অর্থের লোভ কীভাবে মানুষের মানসিকতা ও সম্পর্ককে বদলে দিতে পারে—সেই দিকটিও তুলে ধরা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জো কারনাহান।

ছবিতে সদ্য পদোন্নতি পাওয়া ইউনিটপ্রধান ডুমার্সের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। অন্যদিকে তাঁর পুরোনো সহকর্মী ডিটেকটিভ সার্জেন্ট জে ডি বার্ন চরিত্রে দেখা গেছে বেন অ্যাফ্লেককে। দায়িত্ব ও ক্ষমতার পরিবর্তনের ফলে দুই বন্ধুর সম্পর্কের ভেতরে যে টানাপোড়েন তৈরি হয়, সেটিই সিনেমার অন্যতম মূল নাটকীয়তা।

চার দশকের বেশি সময়ের বন্ধুত্ব থাকা ডেমন ও অ্যাফ্লেকের বাস্তব সম্পর্ক সিনেমাটির অভিনয়ে বিশেষ মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সমালোচকেরা। সংলাপের সূক্ষ্মতা ও চরিত্রের পারস্পরিক বোঝাপড়ায় সেই দীর্ঘ বন্ধুত্বের ছাপ স্পষ্ট।

নির্মাতা জো কারনাহানের ভাষ্য অনুযায়ী, ছবিটি মানুষের সম্পর্ক, বন্ধুত্ব এবং জীবনের অনিশ্চয়তার দিকগুলোকে সামনে আনতে চেয়েছে। তাঁর মতে, গল্পের ভেতরে উত্তেজনা থাকলেও তিনি দর্শকদের বিনোদনের সঙ্গে একটি মানবিক বার্তাও পৌঁছে দিতে চেয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন